প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 31, 2026 ইং
ভেড়ামারায় সড়কের উপর খড় শুকানোয় বাড়ছে দুর্ঘটনা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক বাহাদুরপুর বাজার থেকে মসলেমপুর গ্রাম হয়ে পরানখালী বাজার পর্যন্ত বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয় কিছু মানুষের অসচেতনতার কারণে সড়কের উপর উলি খড় (ধানের খড়) শুকানোর প্রবণতা দিন দিন বাড়ছে, যা জনসাধারণের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছে।
সরেজমিনে দেখা গেছে, অনেকেই সড়কের একপাশে নয়, বরং মাঝখান পর্যন্ত খড় বিছিয়ে রাখছেন। এতে রাস্তা ভিজা ও অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ছে। বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের জন্য এই পরিস্থিতি ভয়াবহ ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। গত কিছুদিনে এই সড়কে একাধিক মোটরসাইকেল দুর্ঘটনার ঘটনাও ঘটেছে, যার ফলে অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তা ব্যবহার করে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ সাধারণ জনগণ এই দুর্ভোগে পড়ছেন। খড় শুকানোর কারণে অনেক সময় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।
এ বিষয়ে সচেতন মহল মনে করছে, দ্রুত প্রশাসনের নজরদারি বাড়ানো জরুরি। সড়কের উপর এভাবে খড় শুকানো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্টদের সতর্ক করা এখন সময়ের দাবি।
এলাকাবাসী প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে কোনো বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এবং সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত